Dhaka Mail Logo

সারাদেশ

সিলেটে হামের উপসর্গে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি

০১ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পিএম

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ১৭ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে। সে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবারের (১ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে সিলেটের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০ জন হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বশেষ কিশোরের মৃত্যু নিয়ে চলতি বছর সিলেট বিভাগে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জন। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ১৭২ জন এবং পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৭৩, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, সিলেট বিভাগে হাম শনাক্তের সংখ্যাও বেড়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জন। এর মধ্যে সিলেটে ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের সংখ্যার মধ্যে রুবেলায় আক্রান্ত দুজনও রয়েছেন।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৭ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ভর্তি আছেন ৫৯৭ জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯৮ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৭ জন চিকিৎসাধীন।

প্রতিনিধি/ এজে