Dhaka Mail Logo

সারাদেশ

প্রধানমন্ত্রীর ফেনী সফর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সর্বোচ্চ নিরাপত্তা

জেলা প্রতিনিধি

০১ অক্টোবর ২০২৬, ১০:০৯ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের জোরদার নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহাসড়কের কুমিল্লা অংশে শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন পুলিশের প্রায় ১ হাজার ২৫০ জন সদস্য। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের বলয় তৈরি করা হয়েছে। ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য বাহিনীর প্রহরীরাও মাঠে থাকবেন।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদ মিঠুন জানান, বুড়িচং উপজেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হওয়ার যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা, পুলিশ ও বিজিবির সমন্বয়ে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জরুরি প্রয়োজনে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেলিকপ্টার অবতরণের প্রস্তুতিও সম্পন্ন রাখা হয়েছে।

হাইওয়ে কুমিল্লা দাউদকান্দি থানার ওসি প্রেমদাস রায় জানান, মহাসড়কে যানজট ও অপ্রতীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশ।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মুরাদনগর, মাধাইয়া, চান্দিনা, বুড়িচংয়ের নিমসার, আলেখারচর বিশ্বরোড, কোটবাড়ি বিশ্বরোড, পদুয়ার বাজার বিশ্বরোড ও চৌদ্দগ্রাম বাজারসহ ১০৪ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের স্বাগত জানানোর ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে চরম উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি নিজে গৌরীপুর এলাকায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান করবেন।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, রাস্তার দুই পাশে শৃঙ্খলাবদ্ধ হয়ে অভিবাদন জানাতে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান জানান, আমরা সকাল থেকে নিমসার এলাকায় হাজার হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে মহাসড়কের দুই পাশে থাকব।

প্রতিনিধি/টিবি