Dhaka Mail Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় হ্যান্ডকাপসহ আ. লীগ নেতা ছিনতাই, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি

০১ অক্টোবর ২০২৬, ০৮:১০ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় ওই আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে তিনি হ্যান্ডকাপসহ পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পলাতক আবু ছিদ্দিক মেম্বার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু ছিদ্দিককে গ্রেফতারের জন্য বুধবার রাতে দর্শনা থানার একটি দল চণ্ডীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ তাকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পরায়। এ সময় তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন বলে অভিযোগ করেছে পুলিশ। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পরে হ্যান্ডকাপ পরা অবস্থাতেই আবু ছিদ্দিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় পুলিশ চণ্ডীপুর হালদারপাড়ার রবি হালদারের ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ, সঞ্চয়ের স্ত্রী কণা এবং সনজিতের স্ত্রী সোনালীকে গ্রেফতার করেছে।

দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেফতার করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আমাদের দুইজন পুলিশ সদস্য আহত হন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/টিবি