জেলা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ এএম
কক্সবাজার সদর হাসপাতাল থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে অস্ত্র মামলায় গ্রেফতার এক রোহিঙ্গা যুবক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলার পুরুষ ওয়ার্ড থেকে সে পালিয়ে যায়।
পলাতক যুবকের নাম ইব্রাহিম। তিনি টেকনাফের হ্নীলার মোছনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সলিমের ছেলে। স্থানীয়ভাবে ইব্রাহিম রোহিঙ্গা সন্ত্রাসী নামেও পরিচিত।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ইব্রাহিম কক্সবাজার সদর হাসপাতালের পঞ্চম তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। বুধবার রাত ১০টার দিকে হাতকড়া পরা অবস্থায় হাসপাতালের শয্যা থেকে সে পালিয়ে যায়। ওই সময় তার পাহারায় পুলিশ লাইন্সের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবল ছিলেন।
পাশের এক রোগীর স্বজন জানান, পাহারায় থাকা পুলিশ সদস্যদের চোখ এড়িয়ে মুহূর্তের মধ্যেই হাতকড়া পরা অবস্থায় ইব্রাহিম হাসপাতাল থেকে বেরিয়ে যায়।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকায় স্থানীয় যুবক জাকির হোসেনকে অপহরণের চেষ্টা করার সময় ইব্রাহিম ও নুরুল আলম নামে দুই রোহিঙ্গা যুবককে স্থানীয় জনতা আটক করে। পরে তাদের গণপিটুনি দিয়ে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয় বলে পুলিশ জানায়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। আটকের পর আহত অবস্থায় প্রথমে তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, পলাতক ইব্রাহিমকে গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।
প্রতিনিধি/টিবি