Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলের মৃত্যু, আহত ৮

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই একটি ভটভটি উল্টে আয়েস উদ্দিন (৬০) ও তার ছেলে শরিফুল ইসলামের (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবা-ছেলে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাচোল উপজেলার সোনাইচণ্ডী পশুর হাট থেকে গরু কিনে ভটভটিতে করে ১০ জন বাড়ি ফিরছিলেন। পথে পুসকুনি এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভটভটিটি সড়কের ওপর উল্টে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান আয়েস উদ্দিন। অন্যদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলামের মৃত্যু হয়। 

অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় আহত বাকি আটজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। 

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিস্তারিত তদন্ত চলছে।

প্রতিনিধি/এএইচ