Dhaka Mail Logo

সারাদেশ

দিনাজপুরের মানুষ ভালো, আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো: ত্রাণমন্ত্রী

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দিনাজপুর একটি শান্তিপূর্ণ জেলা। দিনাজপুর খাদ্যসমৃদ্ধ একটি জেলা। এখানকার মানুষ ভালো এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো। তবে দিনাজপুরের বিভিন্ন সমস্যা আজ চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। আমরা সমস্যাগুলোকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ভাগে ভাগ করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নিতে চাই।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোন সমস্যাগুলো অতি অল্প সময়ে সমাধান করা সম্ভব, কোনগুলো মধ্যমেয়াদে এবং কোনগুলো দীর্ঘমেয়াদে সমাধান করা যাবে- তা নির্ধারণ করে পর্যায়ক্রমে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমি দিনাজপুরকে আলোকিত করতে চাই। দিনাজপুরের উন্নয়নের নেতৃত্ব দিতে চাই। এ জন্য সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু প্রমুখ।

প্রতিনিধি/এলএ