জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম
নড়াইল সদর উপজেলায় পপি খানম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আরাফাত শেখকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ওই গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও নিহতের শ্বশুরবাড়ির লোকজন জানায়, সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের টিপু সুলতানের ছেলে আরাফাত শেখ পেশায় একজন ট্রাকচালকের সহকারী।
স্থানীয়দের ভাষ্য, এলাকায় তার নামে একাধিক চুরির অভিযোগ রয়েছে এবং চুরির অপরাধে তিনি কয়েকবার ধরাও পড়েছেন। মাত্র এক মাস আগে বরিশালের মেয়ে পপি খানমকে তার তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে ঘরে তোলেন আরাফাত। গতকাল মঙ্গলবার রাতে তাদের মধ্যে সামান্য পারিবারিক কলহ হলে পপিকে মারধর করেন স্বামী আরাফাত শেখ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে আবারো ঝগড়া হয় তাদের, এসময়ও পপিকে মারধর করেন আরাফাত এমন অভিযোগ রয়েছে। এর জেরে ঘরে গলায় ওড়না পেঁচিয়ে পপি আত্মহত্যা করেছে বলে দাবি করেন তার শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তবে ঘটনার পর থেকেই এলাকায় এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এলএ