জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, শিশুদের প্রাথমিক শিক্ষা অভিভাবকরা দিয়ে থাকেন। পরে শিক্ষকরা দিয়ে থাকেন। একজন শিশু কেমন হবে তা নির্ভর করে অভিভাবকদের উপর। অভিভাবকদের উপর নির্ভর করে আমাদের ছেলে-মেয়েরা বড় হয়।
তিনি বলেন, এখন আমাদের সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আমাদের পরিবর্তন হতে হবে। সমাজের পরিবর্তনের সাথে আমাদের সন্তানদের পরিবর্তন করতে হবে। আমি যদি ১৯৪০ এ জন্মগ্রহণ করে সে ১৯৪০ এর মত করে তাদের বড় করতে চাই তাহলে হবে না। আমাদের বর্তমান সময়ের চিন্তার সাথে পরিবর্তন করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের যুগের চাহিদার অনুযায়ী পরিবর্তন হতে হবে।
ফেনীতে দৈনিক ফেনীর সময় ও আলোকিত ফেনী ফাউন্ডেশন এর আয়োজনে বুধবার বিকেলে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, অনেকে শিক্ষার্থীদের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সে বৈশিষ্ট্য অনুযায়ী তাদের বড় হতে দিতে হবে। তাদের যেন আমরা বাধা না দিয়ে থাকি। পাশাপাশি তারা যেন কিশোর গ্যাং, মাদক এসবে না জড়িয়ে পড়ে সেসব আমাদের দেখতে হবে।
শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠানে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, গাছের চার বিতরণ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

দৈনিক ফেনীর সময় সম্পাদক ও আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার, জেলা জজ কোর্টের পিপি ও বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ফেনী ডায়াবেটিক সমিতির সহসভাপতি আ.ন.ম আবদুর রহিম, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহা. আলমগীর চৌধুরী, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার ও জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্যে রেহানা আক্তার রানু বলেন, আজকে যারা বৃত্তি পাচ্ছো, এ পাওয়াটা তোমাদের শেষ নয়। এটা তোমাদের শুরু। তোমাদের চেষ্টা করতে হবে। তোমরা শুধু পড়াশুনা করলে হবে না, পাশাপাশি তোমাদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পর্কে জানতে হবে।
তিনি আরও বলেন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া এসব সম্পর্কে তোমাদের পড়াশোনা করতে হবে। তোমাদের জানতে হবে বেশি করে। তোমাদের স্বপ্ন দেখতে হবে। যারা স্বপ্ন দেখতে জানে তারা সহজে সফল হয়। তোমরাও স্বপ্ন দেখবে।
প্রতিনিধি/এএইচ