Dhaka Mail Logo

সারাদেশ

ডেঙ্গু-ডায়রিয়ায় রোগীর চাপ, শয্যা ছাড়িয়ে মেঝেতে চিকিৎসা

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম

ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বেড়েছে শরীয়তপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে। নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেক রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনেরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের পাশাপাশি অন্যান্য রোগীরও চিকিৎসা চলছে। রোগীর অতিরিক্ত চাপ থাকায় বিভিন্ন ওয়ার্ডে নির্ধারিত শয্যার বাইরে মেঝেতেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে তিনজন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন সাতজন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, একই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত ৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোগী ও স্বজনেরা অভিযোগ করেন, রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় অনেককে শয্যার পরিবর্তে মেঝেতে রেখে চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতালের মেঝে অপরিষ্কার থাকার পাশাপাশি কোনো কোনো রোগী সময়মতো চিকিৎসাসেবা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তারা। এতে চিকিৎসা নিতে এসে দুর্ভোগ আরও বেড়েছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। রোগীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ায় বিভিন্ন ওয়ার্ডে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

শরীয়তপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী বলেন, হাসপাতালে বর্তমানে রোগীর সংখ্যা বেড়েছে। ১৫ জন ডেঙ্গু ও ৪৩ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে ৪১৬ জন রোগী চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, গত ছয় মাসে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ২৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চাপ তৈরি হলেও চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক।

প্রতিনিধি/এআর