জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম
ঝিনাইদহের শৈলকূপায় পানির হাউজে ডুবে নদী খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছোট ধলহরাচন্দ্র গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নদী খাতুন ওই গ্রামের রাজু আহমেদের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে নিজ বাড়ির পাশে খেলছিল শিশু নদী খাতুন। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পশ্চিম পাশে একটি পানির হাউজে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।
সেখান থেকে দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি নদী খাতুনকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা রাজু আহমেদ বলেন, বিকেল ৩টার দিকে তার মেয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পশ্চিম পাশের পানির হাউজ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, বাড়ির পাশের পানির হাউজে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
প্রতিনিধি/ এজে