জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কোরবানির পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ ও এক যুবদল নেতার মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুরে নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন জানান।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত কোরবানির ঈদকে সামনে রেখে পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের ৫৩টি স্থানে অস্থায়ী পশুর হাট ইজারা দিতে গত ১৯ মে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। পরদিন ২০ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহানের উপস্থিতিতে প্রকাশ্যে নিলাম শুরু হয়। সেখানে বিএনপি ও জামায়াতের অনেক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
নিলাম চলাকালে আগিয়া বাজারের ইজারা নিয়ে দরপত্রে অংশগ্রহণকারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা আগিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাহফুজুর রহমান ও জামায়াত কর্মী এবাদুল ইসলামসহ কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের বাইরেও দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত ঘোষণা করে।
এদিকে ওই দিন বিকেলে হাট ইজারার বিরোধের জেরে জামায়াত নেতারা আগিয়া বাজারে যুবদল নেতা শাহরিয়ার ওমর শরীফের ওপর হামলা চালান এবং তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়। এর প্রতিবাদে সন্ধ্যায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
এ ঘটনার পরদিন রাতে শাহরিয়ার ওমর শরীফ জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, উচ্চ আদালতের দেওয়া আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আসামিরা আদালতে হাজির হন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
প্রতিনিধি/এলএ