Dhaka Mail Logo

সারাদেশ

কুষ্টিয়ায় ক্লাসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষক আটক

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। গোলাম কিবরিয়া লালন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বেলা তিনটার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় শিক্ষক লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের দাবি, ওই সময় শিক্ষক প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে তাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। এ নিয়ে ক্লাসে অসন্তোষ তৈরি হয়। ক্লাস শেষে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক লালনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, তিনি মঙ্গলবার রাতে বিষয়টি জানতে পারেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের নিয়ে ওই শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রধান শিক্ষকের ভাষ্য, শিক্ষক গোলাম কিবরিয়া লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে তার বাংলা উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে—এমন বক্তব্য দিয়েছেন বলে জানান তিনি। পরে পুলিশ এসে শিক্ষক লালনকে আটক করে নিয়ে যায়।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস