জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সালমান নামের ওই শিশুর বয়স ১ বছর। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়। একই সময়ে নতুন করে ১২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হাম ও রুবেলা বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অসুস্থ অবস্থায় সালমানকে হবিগঞ্জের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার মৃত্যু হয়। প্রতিবেদনে মৃত্যুর কারণ সন্দেহজনক হাম হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। এর মধ্যে সিলেটে ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ১৬৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন। অন্যরা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে মোট ৫৬৮ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৯ জন চিকিৎসাধীন। এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭ জন এবং বিভাগের অন্যান্য হাসপাতালেও রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৬৯ জন, হবিগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৬৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে।
সন্দেহজনক ও নিশ্চিত হাম—দুই হিসাব মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৮১ জন।
প্রতিনিধি/এসএস