জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পিএম
চূড়ান্তভাবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অনশন করছেন জামালপুরের ৫১ প্রার্থী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা অনশন শুরু করেন।
অনশনকারীরা জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে জামালপুর জেলায় ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। প্রথম ধাপে ৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। পরে গত সোমবার আরও একজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। একই নিয়োগ প্রক্রিয়ায় সুপারিশপ্রাপ্ত হয়েও ৫১ জন এখনো নিয়োগপত্র পাননি। এ কারণে মঙ্গলবার থেকে তারা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

অনশনরত প্রার্থী সোহেল আলম বলেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও এখনো নিয়োগপত্র পাননি। তার মতো আরও ৫১ জন নিয়োগপত্র থেকে বঞ্চিত হয়েছেন।
জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ বলেন, গতকাল থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বঞ্চিত প্রার্থীদের বিষয়টি নিয়ে ঢাকায় অবস্থান করছেন। আশা করা হচ্ছে, আজ এ বিষয়ে ভালো একটি ফল পাওয়া যাবে।
প্রতিনিধি/এসএস