জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফেরদৌসী খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফেরদৌসী খাতুন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা-চাঁন্দলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী।

জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেঙ্গু পজিটিভ হয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফেরদৌসী খাতুন হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ১০৬ জন রোগী ভর্তি রয়েছেন। তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।
প্রতিনিধি/এসএস