Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন খারুয়ালী গ্রামের আজিদ আকন্দের ছেলে মো. সাহাবউদ্দিন আকন্দ (৬৫) ও একই গ্রামের মজিদ আকন্দের ছেলে মো. ধনু আকন্দ (৬০)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় শিক্ষক মো. জান্নাতুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, বুধবার সকালে ধনু আকন্দ কৃষিজমিতে কাজ করতে যান। এ সময় মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধারের জন্য চাচাতো ভাই সাহাবউদ্দিন আকন্দ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে স্থানীয় ব্যক্তিরা জানান।

আরও পড়ুন

বোচাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৭ মাসের শিশুর মৃত্যু

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় শিক্ষক মো. জান্নাতুল ইসলাম সোহাগ বলেন, সকাল নয়টার দিকে তিনি একটি বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানিয়েছিলেন। তবে তার অভিযোগ, এরপরও তারটি সরানো বা বিদ্যুৎ সংযোগ বন্ধ করার বিষয়ে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ছেঁড়া তারে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দুই চাচাতো ভাইয়ের আকস্মিক মৃত্যুতে খারুয়ালী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/এসএস