Dhaka Mail Logo

সারাদেশ

নারীর গোসলের ছবি তুলে ১৫ লাখ টাকা দাবি, উত্তরা থেকে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

গাইবান্ধায় এক নারীর গোসলের ছবি গোপনে ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জাহাঙ্গীর হাসান (৩৬) নামের এক যুবককে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার জাহাঙ্গীর হাসান গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের মোখলেচুর রহমানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী নারীর স্বামী সাইফুল আলম (৫২) গাইবান্ধা সদর থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন, জাহাঙ্গীর তার স্ত্রীর গোসলের ছবি গোপনে মুঠোফোনে ধারণ করে ফেসবুকে পোস্ট করেন। পরে ছবিগুলো মুছে ফেলার অনুরোধ করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।

আরও পড়ুন

ডিবি পুলিশ পরিচয়ে নারীকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ, আটক ১

এজাহারের বরাত দিয়ে এসআরবি জানায়, পরে ওই নারীর ছবির সঙ্গে তার স্বামীর ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার হুমকি দেওয়া হয়। গত ৩ জুলাই দুপুরে ওই নারীর মুঠোফোনে কল করে ১৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে আরও অশ্লীল ছবি ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সাইফুল আলম গত ৯ জুলাই গাইবান্ধা সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবির গোয়েন্দা তৎপরতা চলছিল।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প এবং এসআরবি-১, সিপিএসসি, উত্তরা, ঢাকার যৌথ দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেফতার করে।

এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য জাহাঙ্গীর হাসানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস