Dhaka Mail Logo

সারাদেশ

মাঠ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের আংশিক গলিত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুরের মাঠ থেকে আনুমানিক ২৫-৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের আংশিক গলিত মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজ করতে গিয়ে কামালপুরের মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা দৌলতপুর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকালে আনুমানিক ২৫ বছর বয়সের এক যুবকের আংশিক গলিত (পচনধরা) মরদেহ উদ্ধার করা হয়েছে। আলামত ও লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়েছে।

 

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তকরণসহ ঘটনার পেছনের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিনিধি/টিবি