জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ এএম
কুমিল্লার দেবীদ্বারে মাদক সেবনের দায়ে গ্রেফতার হয়ে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানাসহ সাজাপ্রাপ্ত যুবদল নেতা আব্দুল হাই কায়সারকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই বহিষ্কারাদেশ দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলার আওতাধীন দেবীদ্বার উপজেলা যুবদলের সহ সভাপতি আব্দুল হাই কায়সারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেবীদ্বার উপজেলার শ্রীপুর গ্রামের এক মুরগির খামারে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় যুবদল নেতা আব্দুল হাই কায়সারসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গ্রেফতার যুবদল নেতা আব্দুল হাই কায়সার (৫০) দেবীদ্বার উপজেলার শ্রীপুর গ্রামের বজলুর রহমান মাস্টারের ছেলে এবং দেবীদ্বার উপজেলা যুবদলের সহ-সভাপতি।
যুবদল নেতা আব্দুল হাই কায়সার আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত যুবদল নেতা আব্দুল হাই কায়সারকে ৭ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের কারাদণ্ডাদেশ দেন।
এঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে আসায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে তাকে বহিষ্কারাদেশ দেয়া হয়।
এই ঘটনার পর নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, দলের দায়িত্বশীল নেতারাই যদি মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন, তবে সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতিকর বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিনিধি/টিবি