Dhaka Mail Logo

সারাদেশ

ডিবি পুলিশ পরিচয়ে নারীকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ, আটক ১

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম

সাতক্ষীরার সদর উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে এক নারী ও তার স্বজনদের মোটরসাইকেল থামিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন শেখ নাজির হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর ছাত্তারের মিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নাজির হোসেন সাতক্ষীরা পৌরসভার কুখরালী মাঝেরপাড়া এলাকার মৃত শেখ আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি ওই নারী ও তার স্বজনদের পথরোধ করেন। তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন। একপর্যায়ে সঙ্গে থাকা টাকা নেওয়ার চেষ্টা করলে তাদের আচরণ নিয়ে সন্দেহ হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে চারজনের মধ্যে তিনজন পালিয়ে যান। পরে নাজির হোসেনকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

ভুক্তভোগী মোসলেমা খাতুন বলেন, তিনি ও তার স্বামী আনারুল ইসলাম লক্ষ্মীদাড়ী এলাকা থেকে টাকা নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে চারজন তাদের অনুসরণ করে। পরে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের থামানো হয়। এ সময় তাদের সামনে হ্যান্ডক্যাপ দেখানো হয়। পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। একপর্যায়ে একজন তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন।

মোসলেমা খাতুনের দাবি, তার কাছে থাকা টাকার একটি অংশ নেওয়া হয়েছিল। তবে স্থানীয় লোকজন জড়ো হয়ে যাওয়ায় পুরো টাকা নিতে পারেনি। তার ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের কারও কাছে আগ্নেয়াস্ত্র ছিল না। তবে একজনের হাতে লাঠিসদৃশ বস্তু ও হ্যান্ডক্যাপ ছিল।

ঘটনার পর স্থানীয় লোকজন আটক নাজির হোসেনকে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন। পরে তাকে মোটরসাইকেলসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে নাজির হোসেনকে হেফাজতে নেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর সাতক্ষীরা-ল ১২-৮৭২২। প্রাথমিকভাবে মোটরসাইকেলটির মালিকের নাম তানভীর বলে জানা গেলেও তার পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি