জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ এএম
কক্সবাজারের উখিয়ায় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
এসআরবি-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ফারির বিল এলাকায় মাদক কারবারিদের ইয়াবা মজুতের খবর পেয়ে হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালায়। সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে দুদু মিয়ার বাড়ির এলাকায় পৌঁছলে অভিযানের বিষয়টি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যান।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে দুদু মিয়ার বাড়ির গেটের সামনে একটি ড্রেনের ভেতর থেকে ১০টি কার্টনে রাখা ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
আ. ম. ফারুক বলেন, ইয়াবাগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এমআর