জেলা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
শরীয়তপুরের জাজিরায় এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে কান ধরে ওঠবস করানোর পর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিকে নগর এলাকায় বিকে নগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল ওই কিশোর। বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাজ্জাক মাদবরকে জানায়। পরে অভিযোগের বিষয়টি যাচাই করতে ওই কিশোরকে ডেকে নেওয়া হয়।
দুপুরে বিদ্যালয়ের গেটের সামনে তাকে পাওয়া গেলে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় কয়েকজন তাকে মারধর করেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে রাজ্জাক মাদবরের নেতৃত্বে ওই কিশোরকে কান ধরে ওঠবস করানো হয়। একপর্যায়ে তার মাথা ন্যাড়া করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার সময় উপস্থিত কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে সেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ওই কিশোরকে কান ধরে ওঠবস করতে দেখা যায়।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগের বিরুদ্ধে স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সমর্থন করলেও, আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে প্রকাশ্যে শাস্তি দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাজ্জাক মাদবর বলেন, ওই কিশোর দীর্ঘদিন ধরে এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ পাওয়ার পর তাকে ডেকে বিষয়টি জানতে চাওয়া হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাকে কান ধরে ওঠবস করানো হয় এবং মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয়।
আইনের আওতায় না এনে নিজেরা শাস্তি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্ত কিশোরের পরিবার এবং ওই ছাত্রীর পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিষয়টি মীমাংসা করা হয়েছে। যেহেতু ছেলেটি আমাদের এলাকার, তাই স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করা হয়েছে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহাম্মদ বলেন, এ বিষয়টি নিয়ে আমি অবগত নই। কেউ অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ