জেলা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটিপির (বর্জ্য পরিশোধনাগার) সক্ষমতার তুলনায় বেশি তরল বর্জ্য উৎপাদন এবং অপরিশোধিত বর্জ্য পরিবেশে নির্গমনের দায়ে যমুনা টেক্সটাইল লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত উপজেলার মশিপুর এলাকায় কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে স্থাপিত ইটিপির সক্ষমতা উৎপাদিত তরল বর্জ্যের তুলনায় কম। ফলে অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছিল। এ অপরাধে কারখানা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আগামী চার মাসের মধ্যে ইটিপি বর্ধিতকরণ ও সংস্কার করে কার্যকরভাবে পরিচালনার লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
এছাড়া তরল বর্জ্য নির্গমনের জন্য ব্যবহৃত বাইপাস লাইনটি অপসারণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ইটিপি সংস্কার ও কার্যকর করতে ব্যর্থ হলে কারখানাটির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলমসহ শাহজাদপুর থানার একদল পুলিশ সদস্য উপস্থিত থেকে সহযোগিতা করেন।
পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিনিধি/এলএ