Dhaka Mail Logo

সারাদেশ

বিধবা ভাতার কথা বলতে গিয়ে চেয়ারম্যানের ধর্ষণের শিকার নারী, থানায় মামলা

জেলা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

নাটোরের গুরুদাসপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে গুরুদাসপুর থানায় মামলাটি করেন ভুক্তভোগী ওই নারী।

অভিযুক্ত মো. মনিরুল ইসলাম দোলন খুবজীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান। 

অভিযোগ সূত্রে জানা যায়, স্বামীকে তালাক দেওয়ার পর থেকে ভুক্তভোগী ওই নারী তার বাবা-মায়ের বাড়িতে বসবাস করে আসছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিধবা ভাতা ও উপবৃত্তির টাকা উত্তোলন বিষয়ে কথা বলতে চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের বাড়িতে যান তিনি। 

কথাবার্তার একপর্যায়ে চেয়ারম্যান তাকে জানান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল কুদ্দুসের মেয়ে কোহেলী কুদ্দুস মুক্তি তাদের বাড়িতে এসেছেন। চেয়ারম্যানের বাড়ির পাশেই আব্দুল কুদ্দুসের বাড়ি হওয়ায় তিনি সেখানে গিয়ে মুক্তির সঙ্গে দেখা করতে চান। বাড়ির প্রবেশগেট খোলা থাকায় তিনি ভেতরে প্রবেশ করেন। পরে চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনও তার পিছু নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, বাড়ির ভেতরে কাউকে দেখতে না পেয়ে ভুক্তভোগী নারী মুক্তির বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে তিনি বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময়  চেয়ারম্যান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। 

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি। 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে।

প্রতিনিধি/এলএ