জেলা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম
পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টা পর ট্রেনে কাটা পড়ে নিত্যবালা রায় (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে তার পরিবার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিত্যবালার মৃত্যু হয়।
নিত্যবালার স্বামী হরেন্দ্রনাথ রায় (৮২) বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সোমবার রাত ৯টার দিকে মারা যান। মঙ্গলবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন করার কথা ছিল।
পরিবারের সদস্যরা জানান, স্বামীর মৃত্যুর পর পুরো রাত নিত্যবালা তার পাশে বসেছিলেন। ভোরে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর বাড়ির পাশের রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

নিত্যবালার ছেলে রবীন্দ্রনাথ রায় বলেন, ‘মা বাবাকে অনেক ভালোবাসতেন। বাবা মারা যাওয়ায় মা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সারা রাত তিনি বাবার পাশে বসে ছিলেন। ভোরে কখন বের হয়ে গেছেন, আমরা জানি না। পরে জানতে পারি, রেললাইনে কাটা পড়ে মায়ের মরদেহ পড়ে আছে। আমাদের ধারণা, বাবার শোক সইতে না পেরে মা ট্রেনের নিচে আত্মহত্যা করেছেন।’
মঙ্গলবার দুপুরে স্বামী হরেন্দ্রনাথ রায়ের সঙ্গে একই পারিবারিক শ্মশানে নিত্যবালারও শেষকৃত্য সম্পন্ন হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা-মাকে হারিয়ে পরিবারের তিন ছেলে ও দুই মেয়েসহ স্বজনেরা শোকাহত হয়ে পড়েছেন।

নিত্যবালা ও হরেন্দ্রনাথ দম্পতির বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও এলাকায়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে ঘটনাটি রেল পুলিশের আওতাধীন হওয়ায় স্থানীয়রা থানাকে বিষয়টি জানায়নি।
প্রতিনিধি/এসএস