Dhaka Mail Logo

সারাদেশ

উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

কক্সবাজারের উখিয়ায় অপহৃত মো. জসিম (১৫) নামের এক কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় জামাল হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে জসিমকে উদ্ধার করা হয়।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

শার্শায় বিশেষ অভিযানে কৃষক লীগের নেতা গ্রেফতার

এসআরবি-১৫ এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর রাত আটটার দিকে জসিম বাড়ি থেকে বের হয়ে দক্ষিণ লেঙ্গুর বিল এলাকায় যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ২৭ সেপ্টেম্বর অজ্ঞাত একটি মুঠোফোন নম্বর থেকে তার বাবা সৈয়দ আহম্মদের ইমো নম্বরে কল করে জসিমের মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে জসিমকে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় জসিমের পরিবারের পক্ষ থেকে ২৮ সেপ্টেম্বর টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রাজাপালং ইউনিয়নের হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালায় এসআরবি-১৫ এর একটি দল। অভিযানে জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামাল হোসেন টেকনাফ থানার হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে।

এসআরবি-১৫ জানিয়েছে, গ্রেফতার জামাল হোসেন ও উদ্ধার হওয়া কিশোর জসিমকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস