জেলা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম
সাতক্ষীরার পাটকেলঘাটায় শিশু ধর্ষণ মামলায় মো. রওশন শেখ নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বক্কর সিদ্দিক এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, পাটকেলঘাটা থানার জিআর মামলা নম্বর ৪৩/২৫ এবং শিশু সহিংসতা মামলা নম্বর ১৫৯/২৬-এর এজাহারকারী মো. কামরুল শেখ। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় করা হয়। ২০২৫ সালের ২৩ মে মামলাটি দায়ের করা হয়। পরে একই বছরের ৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলায় ২০২৬ সালের ১২ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ও ৯(৪)(খ) ধারায় অভিযোগ আনা হয়।
মামলার বিচারকাজে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। তাদের মধ্যে আটজন সাধারণ সাক্ষী, একজন চিকিৎসক, একজন তদন্ত কর্মকর্তা এবং ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় জবানবন্দি গ্রহণকারী একজন ম্যাজিস্ট্রেট ছিলেন।
আদালতের রায়ে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারার অপরাধ আসামির বিরুদ্ধে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আলমগীর আশরাফ। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ।
প্রতিনিধি/এএইচ