জেলা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যা মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাড়াশ উপজেলার হেমনগর কাটাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন হেমনগর কাটাবাড়ী গ্রামের আব্দুল ওহাব আলী ও তার ছেলে জাকির হোসেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মার্চ তাড়াশ থেকে মোটরসাইকেলে করে রোকনুজ্জামান ও নাসির উদ্দীন সিরাজগঞ্জ আদালতে যাচ্ছিলেন। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রোকনুজ্জামান ও নাসির উদ্দীন নিহত হন।
এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে আদালতে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করা হয়। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।
ওসি মো. আসলাম আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাড়াশ উপজেলার হেমনগর কাটাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ি থেকে আব্দুল ওহাব আলী ও তার ছেলে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।’
পুলিশ জানায়, গ্রেফতার দুজনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এমআই