জেলা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে শন্তাদিগর গ্রামের ওই স্কুলছাত্রী বাড়ির আঙিনায় ঝাড়ু দিচ্ছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী চাচা হামিদুল শেখ জোরপূর্বক তার মুখে ওড়না চেপে ধরে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তিনি একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার প্রায় পাঁচ মাস পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে এবং গর্ভবতী হওয়ার বিষয়টি জানা গেলে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০২৫ সালের ১৯ আগস্ট পাঁচবিবি থানায় মামলা করেন।
মামলাটি তদন্তের পর একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম। বিচারকাজে সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন শেষে আদালত হামিদুল শেখকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
প্রতিনিধি/এসএস