জেলা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
দিনাজপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. নাইমুল ইসলামকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার নাইমুল দিনাজপুর সদর উপজেলার বিশ্বনাথপুর (সুখানপুকুর) গ্রামের বাবলু হোসেনের ছেলে।
এসআরবি জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার চন্দনপুরা বাজারের দীন মোহাম্মদের দোকানে অভিযান চালিয়ে নাইমুলকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী ঈদগাহ বস্তি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নাইমুল দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা নাইমুলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। এরপরও তিনি তা অব্যাহত রাখেন।
এজাহারে বলা হয়েছে, গত ২৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ওই স্কুলছাত্রী মুদি দোকান থেকে মালামাল কিনে বাড়ি ফিরছিল। এ সময় নাইমুল তার মুখ চেপে ধরে জোরপূর্বক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ-পশ্চিম কোণের জঙ্গলে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ঘটনার কথা কাউকে জানালে শিশুটির বাবা-মাকে হত্যার হুমকি দেন নাইমুল। পরে শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। রাত সাড়ে ১০টার দিকে ছেঁড়া জামাকাপড় ও শরীরে কাদামাটি মাখা অবস্থায় কান্নাজড়িত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের কাছে ঘটনার বর্ণনা দেয় সে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ৩০ আগস্ট দিনাজপুর কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করেন।
মামলা হওয়ার পর আসামিকে গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবিও গোয়েন্দা নজরদারি শুরু করে।
প্রতিনিধি/এসএস