Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে সড়কের পাশ পড়ে ছিলো অজ্ঞাত নারীর মরদেহ

জেলা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

নড়াইল সদর উপজেলা শহরের চিত্রা সেতুর পূর্ব পাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সীমাখালী এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার সীমাখালি এলাকায় সড়কের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই রাতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। মঙ্গলবার এই রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১২টা) ওই নারীর পরিচয় শনাক্ত হয়নি।

নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় ও মৃত্যুর কারণ শনাক্তে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/টিবি