জেলা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ এএম
কিশোর গ্যাং প্রতিরোধে চলমান পুলিশের অভিযানে আটক হন রাউজান উপজেলার এক রিকশাচালক ও এক নির্মাণ শ্রমিক। বিনা মামলায় হয়রানির অভিযোগে রাউজান থানা পুলিশকে ধাওয়া করে স্থানীয়রা। এসময় তাদের টহল গাড়িটিও অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়দের তোপের মুখে আটক দুই যুবককে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় অটোরিকশা চালক সাঈদ ও নির্মাণ শ্রমিক মোহাম্মদ জিসানকে আটকের জেরে এ ঘটনার সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, উপজেলার চিকদাইর ইউনিয়নে এক পিকআপ ভ্যান নিয়ে অভিযানে আসে রাউজান থানার বেশ কয়েকজন পুলিশ সদস্য। অভিযানে স্থানীয় এক রিকশাচালক ও নির্মাণ শ্রমিককে বিনা কারণে আটক করে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয়। খবরটি এলাকায় ছড়িয়ে পরলে মুহূর্তের মধ্যে পুলিশের ভ্যানটিকে আটকে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। এসময় দুজন ব্যক্তিকে কোন অপরাধে আটক করা হয়েছে তা জানতে চাওয়া হয় পুলিশের কাছে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিক কোনো সদুত্তর দিতে না পারায় উত্তেজিত হয়ে উঠেন বিক্ষোভকারীরা। এসময় পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। এক পর্যায়ে পুলিশ সদস্যদের ধাওয়া দেন বিক্ষুদ্ধরা। পরে আলোচনার মাধ্যমে আটকদের ছেড়ে দিতে রাজি হয় পুলিশ সদস্যরা। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে এলাকা ত্যাগ করেন।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কিশোর গ্যাং প্রতিরোধ ও দমনে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে গিয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের তীব্র বাধা ও প্রতিরোধের মুখে কোনো পদক্ষেপ না নিয়েই টিমটি থানায় ফিরে আসে।
প্রতিনিধি/টিবি