জেলা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ এএম
কিশোর গ্যাং প্রতিরোধে চলমান অভিযানে রাউজান উপজেলার সাঈদ নামের এক অটোরিকশা চালক ও মোহাম্মদ জিসান নামের এক নির্মাণ শ্রমিককে আটক করেছিল পুলিশ। পরে বিনা মামলায় হয়রানি ও আটকের অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়েছে রাউজান থানা পুলিশ। একপর্যায়ে তাদের টহল গাড়িও অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পরে স্থানীয়দের তোপের মুখে আটক দুই যুবককে ছেড়ে দিতে বাধ্য হয় তারা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার চিকদাইর ইউনিয়নে একটি পিকআপ ভ্যান নিয়ে অভিযানে আসে রাউজান থানার বেশ কয়েকজন পুলিশ সদস্য। অভিযানে স্থানীয় এক অটোরিকশা চালক ও নির্মাণ শ্রমিককে বিনা কারণে আটক করে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয়।
বিষয়টি ছড়িয়ে পরলে মুহূর্তের মধ্যে পুলিশের ভ্যানটিকে আটকে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। এ সময় আটক দুজন ব্যক্তিকে কোন অপরাধে আটক করা হয়েছে তা জানতে চাওয়া হয় পুলিশের কাছে।
যদিও পুলিশ সদস্যরা তাৎক্ষণিক কোন সদুত্তর দিতে না পারায় উত্তেজিত হয়ে উঠেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান স্থানীয়রা। বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ সদস্যদের ধাওয়া দেন বিক্ষুদ্ধরা।
একপর্যায়ে আলোচনার মাধ্যমে আটক দুই ব্যক্তিকে ছেড়ে দিতে রাজি হয় অভিযানে আসা পুলিশ সদস্যরা। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে এলাকা ত্যাগ করেন।
এ বিষয়ে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, কিশোর গ্যাং প্রতিরোধ ও দমনে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে গিয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের তীব্র বাধা ও প্রতিরোধের মুখে কোনো পদক্ষেপ না নিয়েই টিমটি থানায় ফিরে এসেছে।
প্রতিনিধি/এফএ