Dhaka Mail Logo

সারাদেশ

চাঁদা না পেয়ে ১১ বস্তা সোয়েটার লুট, ছাত্রদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

নেত্রকোনার পূর্বধলায় গভীর রাতে সাংবাদিক পরিচয়ে কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, চাঁদা না পেয়ে চালক-সহকারীকে মারধর করে গাড়ির সোয়েটার লুটের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা হয়েছে। এর পরপরই তিনি বহিষ্কার হন। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় রাধাগোবিন্দ মন্দিরের সামনের সড়কে চাঁদাবাজি ও লুটের ঘটনা ঘটে। 

পুলিশ, মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর উপজেলার কেট্টা বাজারের আকন্দ ফ্যাশন সোয়েটার কারখানা থেকে ৭১ বস্তায় ৫ হাজার ২২৮ পিস সোয়েটার নিয়ে একটি কাভার্ডভ্যান গাজীপুরের ভবানীপুর বাজারে মোহাম্মাদী সোয়েটার লিমিটেডের উদ্দেশে রওনা হয়।

চালক মো. শরিফ ও সহকারী মো. শাহাজাহান আলী গাড়িটি চালিয়ে যাওয়ার সময় পূর্বধলার গোহালাকান্দা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় রাধাগোবিন্দ মন্দিরের সামনের সড়কে ছাত্রদল নেতা পল্লবের নেতৃত্বে কয়েকজন গাড়িটির পথরোধ করেন। 

এসময় পল্লব গাড়ির চাবি নিয়ে নেন। পরে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গাড়িতে অবৈধ মালামাল ও মাদক রয়েছে বলে চালক ও সহকারীকে ভয় দেখানো হয়। একপর্যায়ে চালককে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

চালক গাড়িতে সোয়েটার থাকার কথা জানালে তাকে ও সহকারীকে হত্যার হুমকি দিয়ে গাড়িটি শ্যামগঞ্জ বাজারের অ্যাম্বিশন মডেল কলেজের সামনে নিয়ে যাওয়া হয়।

পরে কারখানার মালিকের স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী সেখানে গিয়ে গাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে চাঁদার টাকা না পাওয়ায় গাড়ি থেকে ১১ বস্তায় থাকা ৭৭৩ পিস সোয়েটার নিয়ে যান পল্লব ও তার সহযোগীরা। যার মূল্য ৬৮ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা উল্লেখ করা হয়েছে। 

এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার এক পর্যায়ে পল্লব নিজেকে পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে পরিচয় দেন এবং তার ভাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করে পুলিশ প্রশাসন তাদের কিছু করতে পারবে না বলে হুমকি দেন।

পরে বিষয়টি পুলিশ ও দলীয় নেতাদের জানানো হলে জেলা নেতাদের মধ্যস্থতায় নেওয়া ৭৭৩ পিসের মধ্যে ৭৬৬ পিস সোয়েটার ফেরত দেওয়া হয়। শেষে রাত ৪টার দিকে চালক ও সহকারীকে ছেড়ে দেওয়া হয়। 

এ ঘটনায় আকন্দ ফ্যাশন সোয়েটারের পরিচালক মো. হারুন রশিদ লিটন বাদী হয়ে রোববার রাতে পূর্বধলা থানায় দণ্ডবিধির ৩৪১, ৩৮৫, ৩৮৬, ৩৮৭ ও ৪১৯ ধারায় মামলা করেন। এতে সালমান রহমান পল্লব, তার সহযোগী মোরাদ মিয়ার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। 

এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর রোববার পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে নেত্রকোনা জেলা ছাত্রদল। 

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে।’

প্রতিনিধি/এএইচ