ঢাকা মেইল ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম
মাদারীপুরের শিবচরে আলাদা দুটি ঘটনায় পানিতে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের সেনেরবাট ও দত্তপাড়া ইউনিয়নের উত্তরাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো সেনেরবাট গ্রামের মাহাবুব খানের মেয়ে ফাতেমা এবং উত্তরাইল গ্রামের রোমান খানের মেয়ে অরিন।
স্বজনেরা জানান, বাড়ির পাশের পুকুরপাড়ে বসে খেলছিল ফাতেমা। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর স্বজনেরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, অরিনও বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, দুই থেকে আড়াই বছর বয়সী দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর তারা পেয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক। বর্ষাকালে এমন দুর্ঘটনা এড়াতে প্রত্যেক পরিবারকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
প্রতিনিধি/এআর