Dhaka Mail Logo

সারাদেশ

পাটবোঝাই ট্রলি উল্টে চাঁপাইনবাবগঞ্জে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই ট্রলি উল্টে জগন্নাথ কর্মকার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কানসাট-বিনোদপুর আঞ্চলিক সড়কের চামা বাজার মন্দিরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জগন্নাথ কর্মকার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকার বাসিন্দা দুলাল কর্মকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কানসাট থেকে পাটবোঝাই একটি ট্রলি বিনোদপুরের দিকে যাচ্ছিল। পথে চামা বাজার মন্দির এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা জগন্নাথ ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

cafefadb-6d0c-4dc2-b5f2-c14d861c5057

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবুল হায়াত পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রতুল কুমার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। উল্টে যাওয়া ট্রলির নিচে চাপা পড়েই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস