জেলা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
হারুনুর রশিদ ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের হাজী বাড়ির মীর হোসেনের ছেলে। তিনি বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা দুইবার নির্বাচিত হয়েছেন।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়। পরে ফরিদগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, নাশকতা ও বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস