Dhaka Mail Logo

সারাদেশ

বান্দরবানে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগে ফুফু আটক

জেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায় তাইফা সুলতানা (৪) নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার ফুফুর বিরুদ্ধে। এ ঘটনায় নারগিছ সুলতানা (৫২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সুয়ালক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাইফা সুলতানা সুয়ালক এলাকার টিপু খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে তাইফাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। পরে বিকেলে খোঁজাখুঁজির একপর্যায়ে সিসিটিভি ফুটেজ দেখে পাশের বাড়িতে তাইফার ফুফু নারগিছ সুলতানা কচির বাসায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়েছে। নারগিছ সুলতানা মানসিক রোগে ভুগছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক নারগিছ সুলতানা হত্যার দায় স্বীকার করেছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস