Dhaka Mail Logo

সারাদেশ

দোহারে ভুয়া চিকিৎসক দিয়ে সেবা, তিন ডেন্টাল প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া চত্বর এলাকায় ভুয়া চিকিৎসক দিয়ে দন্ত চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে তিনটি ডেন্টাল প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকেও জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে জয়পাড়া চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ।

অভিযানে দন্ত চিকিৎসকের পরিবর্তে ডেন্টাল টেকনিশিয়ান দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে আলিফ ডেন্টালকে ১ লাখ টাকা, ঢাকা ডেন্টালকে ৬০ হাজার টাকা এবং নূর ডেন্টালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অতিরিক্ত দামে ওষুধ বিক্রির দায়ে চিশতিয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ এসব জরিমানা করেন।

নওশীনা আরিফ বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টিস্ট ডা. মো. আব্দুল আজিজ, উপজেলা স্যানিটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক পারভিন সুলতানাসহ দোহার থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।

স্থানীয়দের অভিযোগ, দোহার উপজেলার বিভিন্ন ডেন্টাল প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া এবং ভুয়া চিকিৎসক দিয়ে সেবা দেওয়ার ঘটনা ঘটছে।

প্রতিনিধি/এসএস