জেলা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলকভাবে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের আধুনিক এই টার্মিনাল দিয়ে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করা হয়।
নতুন টার্মিনাল চালু হওয়ায় কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক ও যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। প্রশস্ত জায়গা, পরিচ্ছন্ন পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা এবং দ্রুত লাগেজ পাওয়ার সুবিধায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা।
মহিউদ্দিন চৌধুরী নামে এক যাত্রী বলেন, ‘নতুন টার্মিনালটি বেশ ভালো লেগেছে। আগের তুলনায় এখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বেশি এবং হয়রানিও কম হয়েছে। সহজেই লাগেজ পাওয়া গেছে। কক্সবাজারের মতো পর্যটনকেন্দ্রে এমন পরিবেশ প্রয়োজন ছিল।’
দেশীয় বিমান সংস্থাগুলোও নতুন টার্মিনালের সুযোগ-সুবিধার প্রশংসা করেছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মোসা আহমেদ বলেন, ‘আমাদের প্রস্থান হলটি বেশ প্রশস্ত। আগমন হলটিও প্রশস্ত। পাশাপাশি বোর্ডিং লাউঞ্জটিও অনেক বড় ও সুন্দর। সব মিলিয়ে এখানে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা রয়েছে। যাত্রীদের জন্য প্রায় সব ধরনের সুবিধাই রাখা হয়েছে।’

নভোএয়ারের স্টেশন ম্যানেজার সারওয়ার উল কাদের বলেন, ‘নতুন টার্মিনালে ব্যাগেজ বেল্টের সুবিধা রয়েছে। পুরো এলাকাটি বড় ও প্রশস্ত। আগে যাত্রীদের গাদাগাদি করে থাকতে হতো। নতুন টার্মিনাল চালু হওয়ায় সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলেছে।’
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, যাত্রী হয়রানি রোধের পাশাপাশি বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন টার্মিনালে জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে।
কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার মো. সাইফুল্লাহ বলেন, ‘বিমানবন্দরে আনসার সদস্যদের পাশাপাশি বিমানবাহিনী, বেবিচকের নিরাপত্তা বিভাগ ও পুলিশের এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন সংস্থার সদস্যরাও নিরাপত্তার কাজে যুক্ত রয়েছেন। সব মিলিয়ে প্রায় ১৬টি বিভাগ বা সংস্থা একযোগে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টার্মিনালে মোট ১৪টি চেক-ইন কাউন্টার রয়েছে। এর মধ্যে নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা যৌথভাবে কাউন্টার ব্যবহার করবে। তবে প্রয়োজন অনুযায়ী বিমান সংস্থাগুলো আলাদা কাউন্টারও ব্যবহার করতে পারবে।
কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র কক্সবাজারের সঙ্গে আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগ আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে।
এর আগে গত বুধবার কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন চালুর প্রস্তুতি পরিদর্শন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
পরিদর্শন শেষে তিনি অভ্যন্তরীণ কার্যক্রম শুরুর পাশাপাশি আগামী মাসে এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধি/এএইচ