Dhaka Mail Logo

সারাদেশ

ভোলায় তাবলিগ জামাতে এসে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মুসল্লি

জেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

ভোলার লালমোহনে তাবলিগ জামাতে এসে আফজাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফজলুল হক চেয়ারম্যান জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে ঢাকা থেকে ২০ সদস্যের একটি তাবলিগ জামাতের দল লালমোহনের ওই মসজিদে আসে। তাদের সঙ্গে তাবলিগ জামাতে অংশ নিতে মসজিদে অবস্থান করছিলেন আফজাল উদ্দিন। সোমবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয় এক পল্লি চিকিৎসক ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নড়াইলে মানসুর হত্যায় অভিযুক্ত যুবকের থানায় আত্মসমর্পণ

সঙ্গে থাকা তাবলিগ জামাতের সদস্যরা জানান, আফজাল উদ্দিনের মৃত্যুর খবর তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। পরিবারের লোকজন লালমোহনের উদ্দেশে রওনা হয়েছেন। তারা পৌঁছানোর পর মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে।

ফজলুল হক চেয়ারম্যান জামে মসজিদের ইমাম বলেন, তিন দিন আগে তাবলিগ জামাতের একটি দল মসজিদে আসে। সোমবার দুপুরে তাদের একজন অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে স্থানীয় পল্লি চিকিৎসককে ডাকা হয়। পরে তিনি এসে আফজাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস