Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে মানসুর হত্যায় অভিযুক্ত যুবকের থানায় আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

নড়াইলের কালিয়া উপজেলায় জমি-জমা নিয়ে সালিসে ইউপি সদস্য কাসেদ মোল্যাকে লাঞ্ছিত করার ঘটনার জেরে তার চাচাতো ভাই মানসুর মোল্যা (৪৫) নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত হাসিব মোল্যা (২০) থানায় আত্মসমর্পণ করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কালিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন হাসিব। তিনি পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কাসেদ মোল্যার সঙ্গে জমি-জমা সংক্রান্ত একটি সালিসে তার বংশীয় হাসিব মোল্যার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাসিব ইউপি সদস্য কাসেদ মোল্যাকে লাঞ্ছিত করেন।

এরপর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসিব কদমতলা ত্রিমোহনা মোড়ের একটি দোকানে যান। এ সময় কাসেদ মোল্যার চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম তার কাছে কাসেদের গায়ে হাত তোলার কারণ জানতে চান।

এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে হাসিব ধারালো অস্ত্র দিয়ে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ। গুরুতর আহত মানসুরকে খুলনায় নেওয়ার পথে তিনি মারা যান। নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর থেকে হাসিব মোল্যা পলাতক ছিলেন। পরে সোমবার সকালে তিনি কালিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

ওসি ইদ্রিস আলী বলেন, হাসিব মোল্যা থানায় আত্মসমর্পণ করেছেন। তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস