জেলা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পরশুরামের ঘাটঘর ব্রিজের পাশে ভেন্যু পরিদর্শন করে তিনি সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটির উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী প্রকল্পটির কাজ উদ্বোধন করবেন।
_20260928_154046683.jpg)
ফরহাদ হোসেন আজাদ বলেন, ২০২৪ ও ২০২৫ সালের বন্যায় ফেনীর বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে আবাদি জমি ও ঘরবাড়ি প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আকস্মিক বন্যা থেকে মানুষকে স্থায়ীভাবে সুরক্ষা দিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, প্রকল্পের মাধ্যমে এলাকার দুই লাখের বেশি মানুষ উপকৃত হবে। তাদের বসতভিটা ও আবাদি জমি যাতে ভবিষ্যতে বন্যায় বিলীন না হয়, সে জন্য স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ের কাজের পর দ্বিতীয় পর্যায়েও ধারাবাহিকভাবে প্রকল্প বাস্তবায়ন করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রকল্প এলাকায় মাছ চাষের সুযোগ তৈরি করার পাশাপাশি ১০ হাজার গাছ লাগানো হবে। এতে এলাকার সবুজায়ন ও জীববৈচিত্র্য রক্ষায়ও ভূমিকা রাখবে প্রকল্পটি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতি দেখতে তিনি বুধবার আবারও ফেনীতে আসবেন বলে জানান।
এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব উল করিম, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী নাহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফায়াত আখতার নূর ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস