জেলা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বরিশাল থেকে দেশের বিভিন্ন দূরপাল্লার রুটে বাসভাড়া বেড়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
নতুন ভাড়া অনুযায়ী বরিশাল-ঢাকা (সায়দাবাদ) রুটে ৬২৯ টাকা, বরিশাল-চট্টগ্রাম রুটে ১ হাজার ৫৫৫ টাকা এবং বরিশাল-সিলেট রুটে ১ হাজার ৩৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিভিন্ন পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে কম-বেশি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
৪০ আসনের যাত্রীবাহী বাসে সরকার নির্ধারিত নতুন ভাড়া তালিকার তথ্য অনুযায়ী, বরিশাল থেকে বিভিন্ন গন্তব্যের ভাড়া হলো—
বরিশাল-ঢাকা (সায়দাবাদ): ১৭১ কিলোমিটার, ভাড়া ৬২৯ টাকা; বেড়েছে প্রায় ২৯ টাকা।
বরিশাল-গাজীপুর: ১৮৭ কিলোমিটার, ভাড়া ৬৬৮ টাকা; বেড়েছে প্রায় ৩২ টাকা।
পটুয়াখালী-ঢাকা: ২১০ কিলোমিটার, ভাড়া ৭৭২ টাকা; বেড়েছে প্রায় ৩৬ টাকা।
পিরোজপুর-ঢাকা: ২২৫ কিলোমিটার, ভাড়া ৮০১ টাকা; বেড়েছে প্রায় ৩৮ টাকা।
বরগুনা-ঢাকা: ২৪৬ কিলোমিটার, ভাড়া ৮৬৩ টাকা; বেড়েছে প্রায় ৪২ টাকা।
পাথরঘাটা-ঢাকা: ২৭৯ কিলোমিটার, ভাড়া ৯৬২ টাকা; বেড়েছে প্রায় ৪৭ টাকা।
কুয়াকাটা-ঢাকা: ২৮০ কিলোমিটার, ভাড়া ৯৯৬ টাকা; বেড়েছে প্রায় ৪৮ টাকা।
বরিশাল-পাবনা: ২৯৬ কিলোমিটার, ভাড়া ৯২৩ টাকা; বেড়েছে প্রায় ৫০ টাকা।
চরফ্যাশন-ঢাকা: ৩৪২ কিলোমিটার, ভাড়া ১ হাজার ২৪৫ টাকা; বেড়েছে প্রায় ৫৮ টাকা।
বরিশাল-সিলেট: ৪১৩ কিলোমিটার, ভাড়া ১ হাজার ৩৬৯ টাকা; বেড়েছে প্রায় ৭০ টাকা।
বরিশাল-চট্টগ্রাম: ৪৮০ কিলোমিটার, ভাড়া ১ হাজার ৫৫৫ টাকা; বেড়েছে প্রায় ৮২ টাকা।
এছাড়া বিভাগের অন্যান্য স্থান থেকে দূরপাল্লার রুটেও ভাড়া বেড়েছে। কুয়াকাটা-গাজীপুর ৩১৭ কিলোমিটার পথে নতুন ভাড়া ১ হাজার ৯৯ টাকা, বরগুনা-চট্টগ্রাম ৪৮৫ কিলোমিটার পথে ১ হাজার ৬৩১ টাকা এবং হিজলা-ঢাকা ১৮৫ কিলোমিটার পথে ৬৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তথ্য অনুযায়ী, আগে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর তা বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ পয়সা। এর সঙ্গে টোল ও অন্যান্য খরচ যুক্ত করে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত ভাড়ার সঙ্গে সব পরিবহনের আদায়কৃত ভাড়ায় মিল নেই। বরিশাল-ঢাকা (সায়দাবাদ) রুটে ইউনিক পরিবহনে আগে ৫৯০ টাকা নেওয়া হলেও বর্তমানে নতুন নির্ধারিত ভাড়া ৬৩০ টাকা নেওয়া হচ্ছে। সাকুরা পরিবহন নিচ্ছে ৬৫০ টাকা, শ্যামলী ৬০০, হানিফ ৬২০ এবং লাবিবা ৬২৫ টাকা।
এনা পরিবহনের বরিশাল কাউন্টার ম্যানেজার তুষার বলেন, সরকারি রেট অনুযায়ী বরিশাল-ঢাকা রুটে ভাড়া ৬৩০ টাকা হলেও তারা ১০ টাকা কমিয়ে ৬২০ টাকায় টিকিট বিক্রি করছেন। নতুন ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে প্রায়ই কথা-কাটাকাটি হচ্ছে বলেও জানান তিনি।
যাত্রী শাকিল হাওলাদার বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় যাতায়াত ব্যয় বেড়েছে। তার ওপর কাউন্টারগুলোতে নতুন ভাড়ার তালিকা টানানো হয়নি। এতে কোনো কোনো পরিবহন সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নিচ্ছে।
বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, কয়েক দিনের মধ্যেই কাউন্টারগুলোতে নতুন ভাড়ার তালিকা টানানো হবে। তারা বাধ্য হয়েই ভাড়া বাড়িয়েছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি