জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম
হবিগঞ্জ জেলার বাহুবল বাজারে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বাহুবল বাজারের বকুলতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বাহুবল তোহা বাজারের পাশে বকুলতলা এলাকায় সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। গত তিন-চার দিন ধরে এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। কয়েক দফা কথা-কাটাকাটি ও ঝগড়াও হয়।
এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ বাজারে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন।
এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারাও এগিয়ে আসেন। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলের আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।