জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির অভিযোগে যশোর শহরের রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে চার যুবককে আটক করেছে এসআরবি-৬ যশোরের সদস্যরা। এ সময় বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, অনলাইনে জাল নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রেলবাজার এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, রেলবাজার এলাকার লাল মিয়ার একটি ভাড়া বাড়িতে বসে দীর্ঘদিন ধরে চক্রটি অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এসআরবি-৬-এর একটি দল। অভিযানে চারজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটির কার্যক্রম সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এসআরবি-৬। তাদের মূল টার্গেট ছিল বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরা। চক্রের সদস্যরা বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথির তথ্য সংগ্রহ বা হ্যাক করে সেসব নথিতে বাংলাদেশি নাগরিকদের ছবি ও ব্যক্তিগত তথ্য বসিয়ে জাল নথি তৈরি করতেন বলে অভিযোগ রয়েছে।
পরে এসব নকল নথি বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। এভাবে তৈরি করা নথি ব্যবহার করে বিদেশ যাওয়ার প্রক্রিয়ায় প্রতারণার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি জটিলতায় পড়ার আশঙ্কাও রয়েছে।
অভিযানকালে বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, নকল ভোটার আইডি কার্ড, অনলাইনে তৈরি বিভিন্ন জাল নথি এবং এসব তৈরিতে ব্যবহৃত কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে চক্রটির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, জাল নথি তৈরির সরঞ্জামসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/ এজে