Dhaka Mail Logo

সারাদেশ

জামায়াতের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন: ফজলুর রহমান

জেলা প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফজলুর রহমান বলেন, আপনারা সাপকেও বিশ্বাস করতে পারেন, কিন্তু একটা সাপ আর একটা জামায়াত যদি আপনার সামনে এসে পড়ে তাহলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হবেন, তারপর সাপের দিকে তাকাবেন।

তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতায় যদি তারেক রহমানকে রাখতে চান, বিএনপিকে ক্ষমতায় রাখতে চান তাহলে নিজেদের সততা বজায় রাখুন। ধান্দাবাজি, চাঁদাবাজি এবং ক্ষমতার দাপট দেখানো বন্ধ করুন।

তিনি আরও বলেন, গত দুই বছরে আমাদের যে কিছু ভুল হয়নি তা নয়। ভুল আমাদের হয়েছে। তাই তওবা করেন, সেই ভুলের জায়গা থেকে ফিরে আসেন। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান নেতাকর্মীদের পরম সততার সঙ্গে কাজ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ে দেশে নানা প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছিল। ২০১৪ সালের নির্বাচন নিয়ে একতরফা নির্বাচনের অভিযোগ, ২০১৮ সালের নির্বাচন নিয়ে রাতে ভোট হওয়ার অভিযোগ এবং ২০২৪ সালের নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন ছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের নিজেদের কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান সম্পর্কেও সচেতন থাকতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

প্রতিনিধি/এজে