Dhaka Mail Logo

সারাদেশ

মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, ৪ দিনেও মেলেনি সন্ধান

জেলা প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়ম আক্তার তানিশা (১৩) নামে ২ ছাত্রী বাড়ি থেকে নিজ মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। এই ঘটনায় ২ কিশোরীর মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

নিখোঁজ মাহিমা আক্তার মাহি একই ইউনিয়নের জুগীরকান্দি গ্রামের সৌদিআরব প্রবাসী মহি উদ্দিনের মেয়ে ও মরিয়ম আক্তার তানিশা একই গ্রামের দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলমের মেয়ে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও সরেজমিনে গিয়ে জানা যায়, মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়ম আক্তার তানিশা কাশিনগর বাজারের ভুশ্চি রোডে অবস্থিত আল-আমিন মহিলা মাদরাসার পর্যায়ক্রমে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মত গত বৃহস্পতিবার সকাল ৮টায় বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে তারা আর বাড়িতে ফিরেনি। মাদরাসা ছুটির সময় শেষ হয়ে দুপুর গড়িয়ে বিকেল হলে ২ কিশোরীর স্বজনরা মাদরাসায় খোঁজ নিয়ে জানতে পারে তারা ওইদিন মাদরাসায় যায়নি। পরে আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদেরকে না পেয়ে শুক্রবার তানিশার মা সালমা বেগম ও মাহিমার মা তাসলিমা বেগম চৌদ্দগ্রাম থানায় ২টি পৃথক সাধারণ ডায়েরি করলেও পুলিশ রবিবার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ কিশোরীর কোন সন্ধান পায়নি। ২ কিশোরী একসাথে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার বিকেলে নিখোঁজ ২ কিশোরীর বাড়িতে গিয়ে তাদের স্বজনদের সাথে কথা বলেজানা গেছে, মাহিমা আক্তার মাহির এক চাচির টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে পার্শ্ববর্তী অলিপুর গ্রামের রেহান উদ্দিনের ছেলে মিনহাজ নামে এক কিশোরের সাথে দীর্ঘদিন যাবৎ যোগাযোগ চলে আসছে। মাহি নিখোঁজের পরে বিষয়টি প্রকাশ হলে স্থানীয় লোকজনসহ মাহির স্বজনরা মিনহাজের কাছে জানতে চাইলে সে তাদের নিখোঁজের বিষয়ে কিছু জানে না বলে জানায়। এরপর থেকে মিনহাজও নিখোঁজ রয়েছে।

এদিকে কাশিনগর বাজারের আল্লাহর দান বিরিয়ানি হাউজে চাকরি করতে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলমছারা গ্রামের আক্কাস ঢালীর ছেলে আরাফাত ঢালী নামে এক যুবকের সাথে মাদরাসায় আসা-যাওয়ার সময়ে মরিয়ম আক্তার তানিশার পরিচয়ের সূত্র ধরে নিয়মিত যোগাযোগ ছিলো। 

বিরিয়ানি হাউজের মালিক নজরুল ইসলাম জানান, আরাফাত গত কোরবানির ঈদে ছুটিতে গিয়ে আর ফিরে আসেনি।

স্থানীয় লোকজন দাবি করেন, নিখোঁজ ২ কিশোরী কোন মানব পাচারকারী চক্রের হাতে পড়তে পারেন। দ্রুত আইন প্রয়োগকারী সংস্থা তাদের উদ্ধার না করলে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে। এতে ২ কিশোরীর স্বজনসহ এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। 

তানিসার মা সালমা বেগম ও মাহিমার মা তাসলিমা আক্তার জানান, আমাদের ২ মেয়ে নিখোঁজের ঘটনায় খুব আতঙ্কের মধ্যে রয়েছি। শুক্রবার জিডি করা হলেও পুলিশ এখন পর্যন্ত তাদের উদ্ধার করতে পারেনি।

চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিনিধি/এজে