জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম
কুমিল্লা নগরে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত ‘রতন গ্রুপের’ আনিসুর রহমান ওরফে আনিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
পুলিশের দাবি, গ্রেফতার আনিসুর রহমান ওরফে আনিক (১৯) ‘রতন গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। গ্রুপটির প্রধান রতন আত্মগোপনে থাকায় আনিকই বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
পুলিশ জানায়, কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা, সংঘবদ্ধভাবে ঘোরাফেরা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে—এমন স্থানগুলোতে নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে আনিকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আনিককে ‘রতন গ্রুপের’ অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। রতন আত্মগোপনে থাকায় গ্রুপটির কার্যক্রম পরিচালনায় আনিকের ভূমিকা ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ। তবে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, নগরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধীদের তৎপরতা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা হয়, সেসব এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে অভিযোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, কুমিল্লা নগরে কিশোর গ্যাং, সংঘবদ্ধ অপরাধ ও উঠতি বয়সী অপরাধীদের তৎপরতা নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের টহল ও নজরদারিও জোরদার করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস