Dhaka Mail Logo

সারাদেশ

মৌলভীবাজারের সিভিল সার্জনকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ

জেলা প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে সোমবারের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়বিষয়ক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন মন্ত্রী।

সভায় আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না। দায়িত্বে অবহেলার অভিযোগে সিভিল সার্জন ডা. মামুনুর রহমানকে সোমবারের মধ্যে দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। সরকারি সেবায় গাফিলতি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস